ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর সহকারী গ্রেফতার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্যকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ খবর প্রকাশ্যে আসার পর টালিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

অর্ঘ্য একজন জনপ্রিয় অভিনেত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় অনেকেই শ্রাবন্তীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের ইনস্টাগ্রাম পোস্টে শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে অর্ঘ্যের সঙ্গে তার পরিচয়। ‘ট্যালেন্টওয়ালা’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তার অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিল। ওই সংস্থার মাধ্যমেই অর্ঘ্য তার সঙ্গে যুক্ত হন।

শ্রাবন্তী বলেন, সম্প্রতি তিনি জানতে পারেন অর্ঘ্য একটি অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেছে। অর্ঘ্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বলেও জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ রাখতে চান না এবং বিষয়টি ম্যানেজমেন্ট সংস্থাকে জানিয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, অর্ঘ্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আদালতে হাজির করার পর তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অর্ঘ্য যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেখানে অভিযোগকারী নারীও কর্মরত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, গত ১২ এপ্রিল কোনো কাজের প্রয়োজনে ওই নারী অর্ঘ্যের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন তিনি চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে রোববার অর্ঘ্যকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাকে হাওড়া আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।