ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে পার্বতীপুর উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ সংগ্রামকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বতীপুর উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় পার্বতীপুর বাস টার্মিনালস্থ উপজেলা যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ডা. মমিনুল ইসলাম, পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল রশিদ, রংপুর বিভাগীয় ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, জুলাই যোদ্ধা মনজুরুল ইসলাম ও মশিউর রহমান।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহবুবুর রশিদ সংগ্রামকে জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যা তাঁর ব্যক্তি ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ডা. মমিনুল ইসলাম বলেন, “ফেসবুকে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি বাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে। যদি এমন কোনো ঘটনা সত্যিই ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা হোক। দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। কিন্তু প্রমাণ ছাড়া একজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো গ্রহণযোগ্য নয়।”
সংবাদ সম্মেলনে মাহবুবুর রশিদ সংগ্রাম বলেন, “আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। জনৈক রুহুল আমিন নামে একজন ব্যক্তি আমার বিরুদ্ধে ভিত্তিহীন পোস্ট করেছেন। একই সঙ্গে থানায়ও আমার নাম উল্লেখ করে একটি মিথ্যা এজাহার দায়ের করা হয়েছে। প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন। আমাকে একটি বিষয়ে আলোচনায় বসার জন্য চাপ দেওয়া হয়েছিল, কিন্তু আমি তাতে সম্মত হইনি। এ কারণেই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি এবং এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে নেতারা মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং যেকোনো অভিযোগের ক্ষেত্রে যাচাই-বাছাই করে তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।