পার্বতীপুর ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মোঃ সাদ্দাম হোসেন সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে পার্বতীপুরে উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর উদ্যোগে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে, যা সাধারণ মানুষের আস্থা অর্জনে সহায়ক হয়েছে।
বক্তারা আরও বলেন, জনস্বার্থে চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইউএনও সাদ্দাম হোসেনকে পার্বতীপুরে বহাল রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৬ জুলাই রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হয়। এ আদেশ প্রত্যাহারের দাবিতেই এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।