যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেক ৩০ হাজার ইয়াবা উদ্ধার : আটক ২

ইয়ানূর রহমান : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় বেনাপোলের দুই কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে যশোর সদরের হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুজন হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর গাড়িতে থাকা চালক ও অপর এক আরোহীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল পৃথক দুিট মামলা হয়েছে।