খালেদ আহমেদ :
“সময়ের সাথে আগামীর পথে”—এই স্লোগানকে ধারণ করে দেশের প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ২৩ বছর অতিক্রম করে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পাবনায় কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চ্যানেলটির দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনটিভি পরিবারের পক্ষে পাবনাস্থ স্টাফ করেসপন্ডেন্ট এবিএম ফজলুর রহমান-এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এমপি বলেন, “কোনো অপরাধীর প্রতি আমার কোনো অনুকম্পা বা সমর্থন নেই।
তিনি বলেন, “একটি সমাজ যখন বিকশিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন সেই সমাজের বিদগ্ধজনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের মধ্যে সাংবাদিকরা অন্যতম।”
তিনি আরও বলেন, “পৃথিবীতে পরিবর্তনের যে সংগ্রাম আদিকাল থেকে চলছে, তা অনাদিকাল পর্যন্ত চলবে। যারা যথাসময়ে যথাযথ দায়িত্ব পালন করে, তারাই টিকে থাকে। আর যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তারা ছিটকে পড়ে।”
এনটিভির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এনটিভি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে টিকে রয়েছে। আমি দোয়া করি, এনটিভি ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাক।”
বক্তব্যে তিনি মানব ইতিহাসের বিভিন্ন যুগান্তকারী পরিবর্তনের প্রসঙ্গ তুলে বলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে সাম্য, মানবতা, মানবিকতা, নারীর অধিকার ও সভ্যতার পরিবর্তনের যে আহ্বান এসেছিল, তা ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। পরবর্তীতে ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, সোভিয়েত বিপ্লব, চীনা বিপ্লব, লাতিন আমেরিকা ও মধ্য এশিয়ার বিভিন্ন আন্দোলন এবং ইরানের বিপ্লব বিশ্বসভ্যতায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে।
তিনি বলেন, “শত ফুল ফুটতে দাও, শত মতকে প্রকাশ করতে দাও”—এই দর্শন যারা গ্রহণ করেছে, তারাই নানা প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পেরেছে। সবার মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে এবং ভিন্নমতকে সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের মতো উন্নয়নশীল দেশে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য দূর করে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শক্তিশালী গণমাধ্যমের প্রয়োজন। গণমাধ্যমকে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, আইনের শাসনের পক্ষে এবং দুঃশাসন ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে গণমাধ্যম যেন সমাজে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে না দিয়ে সম্প্রীতি ও ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক এবিএম ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু এবং ড. রাম দুলাল ভৌমিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সাকুব্বর হোসেন, আলমগীর আহমেদ রূপক, জেলা তাঁতি দলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগর, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম, পাবনার স্বনামধন্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পাবনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
