ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদী পৌর যুবদলের চার নেতাকে ঘিরে একদিনেই দুটি পরস্পরবিরোধী সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আকিবর, আহ্বায়ক কমিটির সদস্য মো. মহিউদ্দিন বাবু ও মো. প্রতিভান রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেয়।
তবে একই দিন বিকেলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত চার নেতার বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বের বহিষ্কারাদেশই বহাল থাকবে। একই সঙ্গে উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন হোসেন এবং পৌর যুবদলের সদস্য সচিব মো. রাশেদ হোসেনের বহিষ্কারাদেশও বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়।
একই দিনে একই বিষয়ে দুটি ভিন্নধর্মী প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সকাল ও বিকেলের সিদ্ধান্তের এই সাংঘর্ষিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।
এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। ফলে সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে বিকেলে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিকেই কার্যকর বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
