হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
জলবায়ু পরিবর্তনের তীব্র চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’। আজ ৩০ জুন (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)’ প্রকল্পের অধীনে হরিপুর উপজেলা কৃষি অফিস এই মেলার আয়োজন করেছে।
হরিপুর উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মানস কুমার রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, আমগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসেন এবং হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ইতি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর বলেন,
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আমাদের কৃষি খাত। এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে হলে সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের মাঝে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। এই মেলা স্থানীয় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই চাষাবাদের পথ দেখাবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম বলেন,
সিএসএডব্লিউএম প্রকল্পের মূল লক্ষ্যই হলো পানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদন স্বাভাবিক রাখা। তিন দিনব্যাপী এই মেলায় প্রদর্শিত আধুনিক প্রযুক্তিগুলো হরিপুরের প্রান্তিক কৃষকদের খরা ও আবহাওয়ার প্রতিকূলতা জয় করতে বিশেষভাবে সাহায্য করবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ কৃষক ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সুবিধার্থে আধুনিক কৃষি যন্ত্রপাতি, জলবায়ু সহনশীল স্বল্পমেয়াদী ও উচ্চফলনশীল ফসলের জাত এবং ক্ষতিকর রাসায়নিকমুক্ত পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। মেলা আগামী ২ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
