এবাদত আলী
পাবনা জেলার সর্বকনিষ্ঠ পৌরসভা আটঘরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য হয় ১২জুন/২০১১। সাংবাদিক হিসেবে তাই নির্বাচন পর্যবেক্ষনের জন্য ১২জুন সকাল বেলা আমার প্রাইভেট করি নিয়ে আমার টেবুনিয়ার বাসা থেকে বের হয়ে উত্তরচক ভোটকেন্দ্রে গিয়ে দেখা হলো এনটিভির সাংবাদিক এবিএম ফজলুর রহমান, বৈশাখী টিভির সাংবাদিক আব্দুল হামিদ খান, দৈনিক আমার দেশ এর পাবনা জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত ও দিগন্ত টেলিভিশনের সাংবাদিক আব্দুল মজিদ দুদু, দৈনিক জীবন কথা সম্পাদক এসএম আব্দুল্লাহ, দৈনিক কালের কন্ঠের পাবনা জেলা প্রতিনিধি আহমেদউল হক রানা, দৈনিক যায় যায় দিনের পাবনা জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, বাংলা নিউজ ২৪ ফোর ডট কম এর সাংবাদিক শাহীনুর রহমান শাহীন, দৈনিক নতুন বিশ্ব বার্তার আটঘরিয়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন, দৈনিক ইছামতির আটঘরিয়া প্রতিনিধি নুরুল ইসলাম খান এবং ক্যমেরাম্যান সুমনের সাথে। এসময় মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুছ মোল্লা এবং শহিদুল ইসলাম রতনের সঙ্গে ভোটকেন্দ্রে দেখা হলে এবিএম ফজলুর রহমান তাদের সাক্ষাৎকার ভিডিও ক্যামেরাতে ধারণ করলেন। এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম। এই ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১হাজার ১শ৩৬জন বলে তিনি আমাদেরকে জানালেন। এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন শিরিন বানু। তিনি তাঁর স্বামীর সঙ্গে উত্তরচক গ্রাম হতে এসেছেন। পৌরসভার প্রথম ভোটার হিসসেবে ভোট দিতে পেরে তারা উভয়েই বেশ খুশি।
এরপর আমরা গিয়ে উপস্থিত হলাম আটঘরিয়া পাইলট হাইস্কুল ভোটকেন্দ্রে। এই কেন্দ্রে আটঘরিয়া উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: ইসরাইল হোসেন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিকট হতে জানা গেল এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৮শ ৯৯জন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি জানালেন। এই কেন্দ্র থেকে সামান্য দুরে অবস্থিত চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এখানে পৌরসভার ২ ও ৩ নং ওয়াডের ভোট একই কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ২নং কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮শ৫১জন এবং ৩নং কেন্দ্রের ভোটার সংখ্যা ৯শ৫২জন। ২নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আটঘরিয়া অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো: নুরুল ইসলাম ও ৩নং কেন্দ্রের প্রিজাইডং অফিসার হিসাবে আটঘরিয়া সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল কাদের চৌধুরী দায়িত্ব পালন করছেন। এই দুটি কেন্দ্রেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে বলে প্রিজাইডিং অফিসারগণ জানালেন। আটঘরিয়া পৌরসভার মোট ৯টি ভোটকেন্দ্রের মধ্যে সর্বশেষ ইাশারত আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে জানা গেল এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১হাজার৩শ৭৮জন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে আলাপ করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের কথা জানা গেল।
কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে। আমাদের অবস্থাও যেন তাই। কারণ এদিন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছিলো। তাই আমরা সেখানকার কয়েকটি ভোটকেন্দ্রও পরিদর্শন করলাম। এরপর চাটমোহরে দৈনিক চলনবিল পত্রিকা অফিসে গিয়ে হাজির হলাম। দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনসহ উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় হলো।
দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। পেটে তখন বেশ খানিকটা টান ধরেছে। সাংবাদিক জহুরুল ইসলামের উদ্যোগে চাটমোহরের জনৈক সমাজ সেবক, ধনাঢ্য ব্যক্তির ফার্ম অভ্যন্তরে গিয়ে দাওয়াত খাবার পর কিছু সময় বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়া। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যার পরপরই আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কন্ট্রোল রুমে গেলাম ভোটের ফলাফল জানার জন্য। ভোটের ফলাফলে আমিনুল হক ৩হাজার ১শ৬৮ ভোট পেয়ে আটঘরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল কুদ্দুছ মোললার প্রাপ্ত ভোটের সংখ্যা ২হাজার ৯শ১১। অপর প্রার্থী শহিদুল ইসলাম রতনের ভোট সংখ্যা ১হাজার ৯শ ৪২, ডালেম মোল্লা ৮০ ভোট এবং আব্দুল মজিদের প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ৩০টি। এই নির্বাচনে আটরিয়া প্রেসক্লাবের যগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। (লেখক সাংবাদিক ও কলামিস্ট)।
এবাদত আলী
সাংবাদিক ও কলামিস্ট
প্রতিষ্ঠাতা সভাপতি আটঘরিয়া প্রেসক্লাব ও
সদস্য: পাবনা প্রেসক্লাব
তারিখ: ৩০/০৬/২০২৬
