এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামায় ৩৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান , হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কৃষক-কৃষাণীরা।
