নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে| এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন| শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে| এসময় পুলিশ সদস্য মো. ফয়েজ ককটেল বিস্ফোরণে পায়ে আঘাত পান| ঘটনার পর তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়| এদিকে,বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার বেলা ১২টার সময় সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান| মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহসভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব এবং রেস্তোরাঁ শ্রমিক নেতা জহিরুল ইসলাম প্রমুখ| বক্তারা বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান| উল্লেখ্য শুক্রবার রাতে কয়েকজন তরুণ বিনোদপুর বাজারের বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবার খেতে যান| এ সময় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে| পরে ওই তরুণরা আরও লোকজন নিয়ে এসে রেস্তোরাঁটিতে হামলা ও ভাঙচুর চালায়| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়| এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে| বিস্ফোরণের সময় পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন|#
