মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও বিভিন্ন এলাকায় মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে শহরের সাতমাথায় এই কর্মসূচিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়ার সভাপতি ডাঃ এন সি বাড়ই, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ নেতা অমৃত লাল সাহা, সমর দাস, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারী, বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, প্রদ্যুৎ কুমার চাকী, খোকন দাস, রাম নারায়ণ কানু, উত্তম রায়সহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে ভগবান শ্রী রামচন্দ্রের এহেন কুরুচিপূর্ণ অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের মাধ্যমে নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বিনষ্ট করার অপচেষ্টা চলছে। এই দেশ সকল ধর্মের ও বর্ণের মানুষের। তাই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে স্বার্থান্বেষী গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় অবমাননার ঘটনা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতৃবৃন্দরা। এছাড়াও সারাদেশের সনাতনীদের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা নিরসনে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সকলে