খালেদ আহমেদ :
“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি” এবং “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের আয়োজনে পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে কলেজের হলরুমে ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনার অধ্যক্ষ অধ্যাপক মোঃ বাহেজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য এক নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমগ্র সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বর্তমান সময়ে কিশোর ও তরুণরা নানা প্রলোভন ও ভুল সঙ্গের কারণে সহজেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে আত্মসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইসমাত আরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবীর, ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শফিউল আলম।
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীরা গ্রেফতারের পর জামিনে বের হয়ে দীর্ঘদিন মামলা পরিচালনা করতে গিয়ে পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। তারা আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এবং সরকারি চাকরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচন এবং খারাপ সঙ্গ পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “যে বন্ধু নিজের টাকায় প্রথম সিগারেট কিনে দেয়, সে প্রকৃত বন্ধু হতে পারে না।” তারা শিক্ষার্থীদের সচেতনভাবে চলাফেরা এবং নিজের বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে সঠিক পথ অনুসরণের পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে “নিজেরা মাদক থেকে দূরে থাকবো এবং পরিবার ও আশপাশের সবাইকে মাদকমুক্ত রাখতে সচেষ্ট থাকবো”—এই মর্মে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শফিউল আলম।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সৌজন্যে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ১ টি করে লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার সহকারী প্রসিকিউটর মুহাইমিনুল ইসলাম।
