যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

ইয়ানূর রহমান : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ৬হাজার ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রবিউল ইসলাম যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়ার মৃত আউয়াল মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, শনিবার (২ মে) সকালে যশোর সদরের মনোহরপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় যশোর-টু-মাগুরা মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি বাসের টিকিট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।#