সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে শুরু হয়েছে দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল মামুন, থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ এবং সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো সম্পর্কে খোঁজখবর নেন।
মেলায় বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট, প্রদর্শনী ও উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান,, এই বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে সহায়ক হবে।