সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। আহতরা হলেন, সাদ্দাম (৩৫), সুমন (৩০), রাসেল (৩০), জাকারিয়া, শফিকুল ইসলাম পাপ্পু(৪২), লাল মিয়া((৫০), আমিরুল ইসলাম(৫৫)।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
থানাপুলিশ ও সরজমিন জানা গেছে, পুর্বসোনাতলা জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে নাগডেমড়া ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম পাপ্পু মসজিদের কমিটি থাকতেই পূর্ব পরিকল্পিতভাবে তিনি নিজে সাধারণ সম্পাদক ও নাজিমুদ্দিন সাগরকে সভাপতি করে নিজস্ব বলয়ের লোকজনদের নিয়ে একটা কমিটি ঘোষণা করেন ।
এ সময় পূবের্র কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম জিজ্ঞেস করেন আগের কমিটির কি অপরাধ ছিল সেগুলো বলেন। এ কথা জিজ্ঞেস করাতে তার উপর ক্ষিপ্ত হন প্রতিপক্ষের লোকজন। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় শফিকুল ইসলামের লোকজন ।
এ সময় পুরনো কমিটির পক্ষের সাদ্দাম নামে একজনকে মসজিদ থেকে টেনে বের করে মসজিদের সামনেই মারপিট করেন এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ খবর পুরনো কমিটির লোকজনের নিকট পৌছে গেলে গ্রামের লোকজন একত্রিত হয়ে শফিকুল ইসলামের লোকজনদের ধাওয়া করে। এ সময় শফিকুলকে মসজিদের মধ্যে লোকজন আটকে রাখে।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় পুবের্র কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে ২৩জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
নতুন কমিটির পক্ষের আমিনুল ফকির জানান, নতুন কমিটি গত সপ্তাহেই করা হয়েছে। আজ শুধু ঘোষণা দিতেই তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের হামলা করে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দুপক্ষই রাতে অভিযোগ দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশী পাহারা অব্যহত রয়েছে।
