মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
সম্প্রতি হাটবাজার ইজারার দরপত্র দাখিল নিয়ে পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাবিবুর রহমানকে মারপিটের ঘটনা ও বিএনপি কর্তৃক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও সথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতের ইসলামি চাটমোহর উপজেলা শাখার আয়োজনে বিএনপির সন্ত্রাসী, টেন্ডারবাজ, জামায়াতের নেতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি চাটমোহর পৌর সদরের নতুন বাজার জার্দিস মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে পথসভায় জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর সেক্রেটারি মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. সলেমান হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের
সভাপতি মো. আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা সভাপতি আব্দুল হামিদ বলেন, একটি কুচক্রী মহল ও সরকারি দল বিভিন্ন ভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মারধর ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি আরো বলেন, প্রয়োজনে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে এ সকল কর্মকান্ডের।
