নাটোর প্রতিনিধি
নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সারাদেশে বিএনপি ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ ১২ ফেব্রুয়ারী ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছে। দীর্ঘ দিন মানুষ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে আর আমি এবং ডামির ভোট করতো। মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। দুলু বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের চিত্র পালটে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। বিএনপি চেয়ারম্যান জনসংযোগ ও জন সমাবেশ শুরু করায় মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে। শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বিভিন্ন পথসভা ও গণসংযোগের সময় দুলু এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি, ওজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নলডাঙ্গার বিএনপির নেতা শফিকুল ইসলাম বুলবুল ও হুমায়ন শিকদার প্রমুখ। এসব পথসভায় দুলু আরো বলেন, তিনি এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোন উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।
