বিএনপি কৃষকদের মুখে হাসি দেখতে চায়- হাসান জাফির তুহিন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কৃষকদের মুখে হাসি দেখতে চায়। তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায়। তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সকল কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এর ফলে কৃষক ন্যায্য মূল্যে সার, বীজ, কিটনাশক, সরকারি ভর্তুকীসহ সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতিসহ নানা সুবিধা পাবেন।

শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল দশটায় চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের করকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিপুর) এলাকার বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি উদার নীতিতে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় গেলে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি সহায়তা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য বা অর্থ সহায়তা করা হবে। পাঁচ বছরে দেশে পঁচিশ কোটি বৃক্ষ রোপণ করা হবে। মানুষের সুস্বাস্থ্যের দায়িত্ব সরকার নিবে। মসজিদের খতিব ও ইমামদের সরকারি কোষাগার থেকে বেতন দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা, দেশকে দূর্নীতি মুক্ত করা হবে। নির্বাচনের দাবী আদায় করতে গিয়ে, একটা সুষ্ঠ ভোট চাওয়ার অপরাধে বিগত সরকার গত ১৭ বছরে লাখো মানুষকে গুম, খুন করেছে। মামলা দিয়ে হয়রানী করেছে। তাই উন্নয়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

এসময় চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, বারিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।