ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়া উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দিনব্যাপী পরিচালিত উপজেলার বিভিন্ন জায়গায় এই মোবাইল কোর্টে ৪ টি ইটভাটাকে মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) প্রিয়াংকা দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এই দণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি ভাটাগুলোর বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে।জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো
মেসার্স সততা প্লাস ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স একতা ব্রিক ৩ লাখ টাকা,
মেসার্স সততা ব্রিকস ৩ লাখ টাকা এবং মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পাবনা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুল গফুর জানান, পরিবেশ সংরক্ষণে আমাদের এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বড় ধরনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আদায়কৃত জরিমানার টাকা ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ব্যাটালিয়ন, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং এনএসআইয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.আব্দুল মমিনসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।
