ছারছীনা মাদ্রাসায় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

মোঃ আবদুর রহমান
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ছারছীনা মাদ্রাসা (কেন্দ্রীয়) শাখার উদ্যোগে আয়োজিত ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও দোয়া মোনাজাত ২৭ নভেম্বর বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।

প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন- সমসাময়িক বিশ্বে ক্যালিগ্রাফি শুধুমাত্র নান্দনিক শিল্পচর্চার মধ্যে সীমাবদ্ধ নয় ; বরং এটি একদিকে ইসলামে সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, অন্যদিকে আধুনিক সৃজনশীলতার শক্তিশালী মাধ্যম। ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগেও হাতে লেখা সৌন্দর্যের আবেদন একটুও কমেনি। বরং ক্যালিগ্রাফি আজ নতুনভাবে ফিরে এসেছে গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ডিং, প্রকাশনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিজ্যুয়াল কনটেন্টে।

ক্যালিগ্রাফি আমাদের ইসলামের ভাষা ও ঐতিহ্যের সৌন্দর্যকে ধারণ করে এবং তরুণ প্রজন্মকে শিল্পমুখী হতে, ইসলামী ইতিহাস সম্পর্কে জানতে অনুপ্রাণিত করে। পাশাপাশি এটি মনোযোগ বৃদ্ধি, ধৈর্য, শৈল্পিক রুচি এবং মানসিক প্রশান্তি অর্জনের এক কার্যকর মাধ্যম।

আমি আশা করি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর প্রতিটি সদস্য শিক্ষা-দীক্ষা, আমল-আখলাক, আক্বীদায় হবে শ্রেষ্ঠতম। তারা পড়ালেখার পাশাপাশি আনুসাঙ্গিক কার্যক্রম যেমন- ক্যালিগ্রাফি, ইতিহাস চর্চা, ইসলামি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আলোকিত জীবন গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া ও জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার আসাতিজায়ে কেরামগণ সহ বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মফিজ উদ্দীন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছারছীনা মাদ্রাসা (কেন্দ্রীয়) শাখার নেতৃবৃন্দগণ ও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।