প্রাইভেটকারের ধাক্কায় ঈশ্বরদীতে বাইসাইকেল আরোহীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় বাদশা প্রামাণিক (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া দোতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা প্রামাণিক উপজেলার ছলিমপুর ইউনিয়নের চর মিরকামারী মাথালপাড়া এলাকার মৃত রুমা প্রামাণিকের ছেলে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজাজ আহমেদ জানান, সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দাশুড়িয়া-মুখী দ্রুতগতির একটি প্রাইভেটকার বাদশাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।