নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
সংস্কার, হত্যার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা সমাবেশ করেছে। রোববার বিকেলে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশের মানুষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থান যে স্বপ্ন সৃষ্টি করেছিল, তা কিছু স্বার্থবাদীর কারণে বিলীন হতে চলছে। চারপাশে চলছে ষড়যন্ত্র। চাঁদাবাজ, দখলবাজ ও প্রতারকদের খপ্পরে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো স্বৈরশাসক বা ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে। তিনি বলেন, আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য এবং প্রতিষ্ঠা করতে হবে ন্যায় ও সাম্যভিত্তিক সমাজব্যবস্থা। তিনি সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী প্রমুখ।#
