বেড়ায় ৪৮ ভরি স্বর্ণসহ এক নারী আটক

ওসমান গনি বেড়া (পাবনা)

পাবনার বেড়ায় ৪৮ ভরি স্বর্ণসহ
চোরাকারবারি সন্দেহে এক নারীকে আটক করেছে উপজেলার কাজিরহাট নৌপুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে। আটককৃত নারী মোছাঃ করুনা (২৫) তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহজনক মনে হয়। তিনি নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পারাপার হন।ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টনের উপর জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২শ টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ আটককৃত নারী স্বর্ণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।ঘটনার বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ অরবিন্দ সরকার জানান, সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাশি করি। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২শ টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে স্বর্ণ পরীক্ষা ও ওজন দেই। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা হয়। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আসামি আমিনপুর থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।