অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ে একজন গুরুতর আহত। পুলিশ গিয়ে গণধোলাইয়ে আহত রতœপুর ইউনিয়ন যুবলীগ সদস্য ছিনতাইকারী রিপন মীরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার জয় বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্যচাষী সুষেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে গতকাল মঙ্গলবার ভোর রাতে (৫টায়) বাড়ি ফিরছিলেন। এসময় গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী (বটতলা) নামক স্থানে গেলে পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসকে তল্লাশি করে মাছ বিক্রির ২১ হাজার ১শ’ টাকা ও একটি দামী এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে। এসময় জয় বিশ্বাসের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে অপর দুই ছিনতাইকারী টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারী ইউনিয়ন যুবলীগ সদস্য সৈয়দ আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশের এসআই নুুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এরপূর্বেও রিপন মীর পুলিশের কটি পরে গত বৃহস্পতির (১০ জুলাই) ভোর রাতে বাইপাস সড়কে বসে রাজিহার গ্রামের মৎস্য ব্যবসায়ী শংকর হালদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দু’টি এ্যান্ড্রয়েড মোবাইল ও রোববার (১৩ জুলাই) সকালে বিল্বগ্রামে বসে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
