লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক

বদিয়ার রহমান লালমনিরহাট ::
লালমনিরহাটের হাতীবান্ধায় মেজর পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। জমি উদ্ধার করে দেওয়ার নামে টাকা দাবি করলে এলাকাবাসীর সন্দেহে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীরহাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।
জানা গেছে, বড়খাতা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে মেজর পরিচয় দিয়ে স্থানীয় এক ব্যক্তির কাছে অর্থ দাবি করেন তারা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “আটকরা নিজেদের মেজর পরিচয় দিলেও তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন।”