ইয়ানূর রহমান : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার পিস্তল নিয়ে আত্মগোপন করেননি এবং ওই পিস্তল লুট হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ অভিযোগে কোতোয়ালি থানায় গত ১৮ আগস্ট শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টু একটি লিখিত এজাহারও জমা দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
পত্রিকা দপ্তরে পাঠানো ওই এজাহার কপিতে দেখা যায় ফন্টু চাকলাদার তখন উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলায় শাহীন চাকলাদারের তিনতলা বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রায় ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী ওই বাড়িতে ঢুকে শাহীন চাকলাদারের লাইসেন্সকৃত একটি এনপিবি পিস্তল যার নং৬৯৪৪৬ , ৫০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন , ২০ ভরি সোনার গহনা,নগদ ১০ লাখ টাকা লুট করা হয়। এছাড়া বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে গান পাউডার ও পেট্রোল
দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে শাহীন চাকলাদারের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে যায়।
এদিকে, ঘটনার নয় মাসের মাথায় মঙ্গলবার রাতে ওই অস্ত্র জমা না দিয়ে আত্মগোপনে থাকার অভিযোগে শাহীন চাকলাদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হলে বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।#
