ঘাটাইলে ১৮ ড্রাম বাংলা মদসহ ৩ জন গ্রেপ্তার

কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধ :লোকচক্ষুর আড়ালে পাহাড়ি এলাকায় গড়ে উঠেছিল দেশীয় বাংলা মদের গোপন কারখানা। সেখান থেকেই টাঙ্গাইলের ঘাটাইলসহ আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হতো বিষাক্ত চোলাই মদ। অবশেষে সেই কারখানায় হানা দিল পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুণগ্রাম মুচিবাড়ি এলাকায় এই বিশেষ মাদকবিরোধী অভিযান চালায় ঘাটাইল থানা পুলিশ। এ সময় ১৮টি ড্রাম ভর্তি বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ তিন সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাংলা মদ তৈরি ও বোতলজাত করে আসছিল। খবর পেয়ে রাতের আঁধারেই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে ১৮টি ড্রাম ভর্তি মদ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মদ স্থানীয় জনগণের উপস্থিতিতে ঘটনাস্থলেই ঢেলে ধ্বংস করা হয়।

ঘাটাইল থানার ওসি মোখছেদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যত প্রভাবশালীই হোক, ছাড় দেওয়া হবে না। ঘাটাইলকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চাই।

গ্রেপ্তারকৃত তিনজনকে শনিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পেছনের মূল হোতাদের ধরতে গোয়েন্দা নজরদারি চলছে।