ইয়ানূর রহমান : যশোর শহরের শংকরপুরে অভিযান চালিয়ে ৮টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দিকে যশোর পৌরসভার শংকরপুর বালির মাঠ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠে অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#
