হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার কলাকৌশল শেখানো হয়েছে। উপজেলা পরিষদ ও পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে পৌর ভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, পৌর জামায়াতের আমির মুহাম্মদ একরামুল হক প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী প্রকৌশলী মো. খোকন রানা। এ সময় তিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও কলাকৌশল হাতে-কলমে শেখান। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকা সম্ভব বলে সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়।
এর আগে দিবসটি উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
