আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

খালেদ আহমেদ ::
আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রতিনিধিদলে আরও রয়েছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, সুলতান মাহমুদ বাবু ও সরওয়ার জামাল নিজাম।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলির বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশন ও কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে গণতন্ত্র ও সুশাসন, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা, শ্রম ও কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের পাশাপাশি শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের মাধ্যমে সংসদীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ সৃষ্টি হয়েছে।
সম্মেলন চলাকালে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে বাংলাদেশের ব্যারিস্টার জহরত আবিদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের অভিজ্ঞতা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার পাশাপাশি আইপিইউর এই অ্যাসেম্বলি বাংলাদেশের সংসদীয় কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।