পাবনায় ব্র্যাকের বাসক চারা বিতরণ ও রোপণ উদ্বোধন

খালেদ আহমেদ :
পাবনায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) ওয়েস্ট-২ ডিভিশনের পাবনা-১ অঞ্চলের উদ্যোগে বাসক গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও এলাকার পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে বাসক গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রাথমিক স্কুলের মোড় থেকে শুরু করে গ্রামের পাকা সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইনান্স দাবি+ ওয়েস্ট-২ ডিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. জসিম উদ্দিন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে পাঁচটি গ্রামে প্রায় ৪০ হাজার বাসক চারা রোপণ করা হবে। গাছ বড় হলে বিভিন্ন ঔষধ কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে পাতা বিক্রির ব্যবস্থা করা হবে। এতে স্থানীয় মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
পাবনা-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সানজিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, সদস্যরা যেন দৈনন্দিন কাজের পাশাপাশি নতুন আয়ের সুযোগ পান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেই লক্ষ্যেই বাসক গাছের এই কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতে পাবনার আরও এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর এলাকার এলাকা ব্যবস্থাপক মো. আবু-বিন-আদহাম, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট কৃষিবিদ মেফতাহে জিন্নাত, কৃষি ও বীমা (বিডিইউ) ওয়েস্ট-২-এর ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন, সিনিয়র অফিসার (বিডিইউ) পাবনা-১ মোছা. মার্লিনা আখতার এবং রিজিওনাল কোঅর্ডিনেটর (এসএস লিড জেনারেশন) পারুল দাস ও শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম।
এ সময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।