কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা গোলাপগঞ্জে, আটক ৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী নিষিদ্ধঘোষিত সংগঠনের পাঁচজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), একই গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০) ও মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯), লক্ষণাবন্দের করগাঁও গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই শুভ্র চন্দ্র দাস, এএসআই মো: আলাহার মিয়া ও মো: বেলাল আহমদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কতিপয় সদস্য অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ঘটনাস্থল থেকে এই ৫ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠিয়েছে।