বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে জিয়াউল হক (৩৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১জুলাই) রাত ৯ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের হেদায়েতুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিয়াউল হক দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের টাকা না তার মাকে প্রায়ই মারধর করতো সে।
মঙ্গলবার রাতে মাদক সেবনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় জিয়াউলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের ধারাবাহিক অভিযান তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
