আইএলও’র ১১৪তম আন্তর্জাতিক শ্রম কনভেনশনে যোগ দিতে জেনেভায় এমপি শিমুল বিশ্বাস

খালেদ আহমেদ : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ সরকার তাঁকে এ গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণের জন্য মনোনীত করেছে। দীর্ঘদিনের শ্রমিক আন্দোলনের অভিজ্ঞ নেতা হিসেবে তাঁর এই মনোনয়নকে পাবনাবাসীসহ সংশ্লিষ্ট মহল অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন।
জানা গেছে, জেনেভা বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরবর্তীতে তিনি জাতিসংঘ কার্যালয়ের সামনে অবস্থিত বিশ্ববিখ্যাত ‘ব্রোকেন চেয়ার’ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। শান্তি, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে পরিচিত এ স্মৃতিস্তম্ভের সামনে তিনি কিছু সময় কাটান।
এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে ডেলিগেট কার্ড সংগ্রহ করেন এবং সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও নিয়োগকর্তা প্রতিনিধিরা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং বৈশ্বিক শ্রমবাজারের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
রাজনীতির শুরু থেকেই সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসা শিমুল বিশ্বাস বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পাবনাসহ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্রমজীবী, কর্মজীবী, অধিকারবঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে কথা বলার সুযোগ পেয়েছেন তিনি।
জেনেভা থেকে তিনি পাবনাবাসীসহ দেশবাসীর প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন সফলভাবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের সম্মান আরও বৃদ্ধি করতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।