রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর উদ্যোগে বিদেশে জনশক্তি রপ্তানি, কৃষি ও শিল্প খাতের বিকাশ এবং রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তাঁরা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেছিলেন।

বক্তারা স্মরণ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে তিনি নিহত হন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তারা।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আব্দুল্লাহ ওমর খান সুমার, মোয়াজ্জেম হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক, জেলা কৃষক দলের সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শহীদ সরদার, সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু সাঈদ উজ্জ্বল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম অনিক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, পৌর যুবদলের সদস্য সচিব আবু জুবায়ের প্রতীক, যুবদল নেতা খোরশেদ আলম দীপুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।