অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই: সাইফ হাসান

হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ২৪৭ রানের জবাবে বাংলাদেশ ২৫তম ওভারেই টার্গেটের অর্ধেক রান করে ফেলেছিল। তবে ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়ার সঙ্গে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।

মিরপুরে এই উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন ম্যাচে ৫৭ রান করা সাইফ হাসান। তবে এমন হার অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই বলেও জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ বলেন, ‘অবশ্যই, উন্নতি করার জায়গা আছে। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। একটা ধারণা ছিল উইকেট কী রকম হতে পারে। কিন্তু আজকে একটু বেশিই অসমান ছিল। কিন্তু আমার মনে হয় অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই।’

উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো কিছু হতো উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে তো আপনারা দেখেছেন ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল, এমন তো না একদম খারাপ ছিল। তবে আমার মনে হয় আমরা যদি একটু ভালো মতো মানিয়ে নিতে পারতাম! একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অজুহাত দেওয়ার কিছু নেই।’

নিজের উইকেট ভুল সময়ে পড়েছে জানিয়ে সাইফ বলেন, ‘কিছু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন আমার উইকেটটা, আমি যদি আরেকটু এগিয়ে নিতে পারতাম, আরেকটু সহজ হতো। সেট ব্যাটারের জন্য একটু সহজ ছিল, নতুন ব্যাটারের জন্য একটু কঠিন ছিল। আমাদের মানিয়ে নিতে হবে।’