ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণার বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেজ ভেলাসকো।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংশ্লিষ্ট এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ফলে উত্তেজনা এখনো উচ্চমাত্রায় থাকায় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।
এদিকে, আইএমও’র মহাসচিব প্যারিসে অনুষ্ঠিত যুক্তরাজ্য-ফ্রান্স সম্মেলনে বিষয়টি পর্যালোচনা করছেন এবং গুরুত্বপূর্ণ এই নৌ-পথ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
পোস্টে তিনি বলেন, ‘আমরা বর্তমানে হরমুজ প্রণালি পুনরায় চালু সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণাটি যাচাই করছি, যাতে তা সকল বাণিজ্যিক জাহাজের জন্য নৌচলাচলের স্বাধীনতা এবং আইএমও নির্ধারিত ট্রাফিক সেপারেশন স্কিম অনুযায়ী নিরাপদ চলাচলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি-না তা নিশ্চিত করা যায়।’
