সিংড়ায় পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু এলাকায় শোকের মাতম

নাটোর প্রতিনিধি.
নাটোরের সিংড়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা ডাহিয়া ইউনিয়নের বড়
আদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই সহোদর শিশু তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩) বগুড়া জেলার শেরপুর উপজেলার শাজাহানপুরের মালয়েশিয়া
প্রবাসী আব্দুল মমিনের ছেলে। বাবা প্রবাসে থাকায় তারা মায়ের সাথে সিংড়া উপজেলার বড় আদিমপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করতো।
শিশু ফাহিম হোসেন বিয়াস বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আর তামিম হোসেন বিয়াস মাবিয়া মোড়ে নুরানী মাদ্রাসার শিশু
শ্রেণিতে লেখাপড়া করত বলে জানা গেছে। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বগুড়ার বাসিন্দা বাবা প্রবাসে থাকায় দুই শিশু তাদের মায়ের সাথে নানাবাড়িতে বসবাস করতো।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তামিম ও ফাহিমকে দেখতে না পেয়ে
পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। এরই একপর্যায়ে পুকুরে দুইভাইয়ের মরদেহ ভেসে উঠে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।