সাঁথিয়ায় দুবৃর্ত্তদের আগুনে পুড়িয়ে আহত স্বামী-স্ত্রী

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
বাইরে থেকে দরজায় ছিকল আটকিয়ে ঘরে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যরাতে সাঁথিয়া উপজেলার মাধপুর গ্রামের। আশঙ্কা জনক অবস্থায় পাবনা মেডিক্যাল থেকে ঢাকায় আইসিইউতে চিকিৎসা চলছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার( ১৩ মার্চ) রাতে সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের মাধপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে নুহু আলী প্রতিবন্ধী (৬০) তার স্ত্রী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুন (৫৫) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
রাত দেড়টার দিকে তাদের টিনের ঘরের দরজার বাইরে থেকে ছিকল দিয়ে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে দুই জনই চিৎকার শুরু করে। ঘরের দরজা খোলার চেষ্টা করলে দরজা ছিকল বাইরে থেকে আটকানো। এসময় তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। উপায়ন্ত না পেয়ে নিঃসন্তান দম্পত্তিটি জানালা ভেঙে ঘর থেকে লাফ দেয়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনিবার (১৪ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দম্পত্তি বাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘরে থাকা মূল্যবান কাগজপত্র ও মালামাল পুড়ে গেছে।
এলাকাবাসীরা জানান, ঘুমের ঘরে আগুন দিয়ে হত্যার চেষ্টার ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।