সিংড়ায় ধানের শীষের দুই কর্মীকে মারধর করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

নাটোর প্রতিনিধি.
নাটোরের সিংড়ায় ধানের শীষের প্রার্থীর দুই কর্মীকে মারধর করেছে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মীরা। মঙ্গলবার দুপুরে পৌর শহরের চাঁদপুর মহল্লায় এই হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে দু’পক্ষের মধ্যে প্রচারণার সময় হাতাহাতির পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার নাম সবুজ ফকির (৩৩)। সে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ধানের শীষের কর্মী এবং উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। আহত অপর জন হলেন বিএনপি কর্মী রুহুল আমিন (৪৫)। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ধানের শীষের কর্মী সবুজ ফকির বলেন, বহিস্কৃত বিএনপি নেতা তাইজুল কমিশনারের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ (ঘোড়া) প্রতীকের কর্মী নিশান, পাপ্পু, সোহেল সহ বেশ কয়েকজন তার মোটর সাইকেল গতিরোধ করে বাদাম দিয়ে পিটিয়ে আহত করেন। মাথায় হেলমেট থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।
এবিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মী বহিস্কৃত নেতা তাইজুল ইসলাম মুঠোফোন রিসিভ করেননি।
আর স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, পূর্বের বিরোধে এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। তবে এটা অন্যায় হয়েছে। তার কর্মী ও সমর্থকদেরকেও হুমকি-ধামকি দেয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ধানের শীষের গণজোয়ার ঠেকাতে এই আসনের স্বতন্ত্র প্রার্থী দল থেকে বহিস্কৃত হয়ে সিংড়াতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। পা এর ওপর পারা দিয়ে বিরোধ সৃষ্টির পায়তারা করছে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীরা। একাধিক বার প্রশাসনকে জানিয়েও কোন ব্যবস্থা হচ্ছে না। দলের নাম ভাঙিয়ে যারা বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছেন দ্রুত তাদের গ্রেফতার দাবি করেন।
সিংড়া থানার ওসি আব্দুন নূর বলেন, হামলা ও মারধরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযাথ ব্যাস্থা নেয়া হবে।