জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে তমালতলা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিশাল র‌্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন,

“জনগণের ভোটাধিকার ও ন্যায্য রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের আলোকে একটি নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিবির নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন। তিনি বলেন,

“জনগণের আস্থা পুনরুদ্ধার করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন জরুরি হয়ে পড়েছে। এতে জনগণের প্রকৃত মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির একেএম মাওলানা আফজাল হোসেন এবং সেক্রেটারি জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান, জামায়াত নেতা মিজানুর রহমান নাটোরী, এবং উপজেলা শিবির সভাপতি মিঠু প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ ও আলোচনা শেষে অতিথিরা “বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস” উদ্বোধন করেন। তমালতলা মোড় বাজারে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে নতুন অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।