খালেদ আহমেদ :
বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক পরিবর্তন, তার প্রভাব, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নিয়ে দালিফ ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পাবনা সদরের কাশিপুর এ্যাস্ট্রাস পৌর উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের মনোবীদ (অবঃ) বোরহান উদ্দিন হায়দার।
তিনি বলেন, “বয়ঃসন্ধিকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে সচেতনতা, সঠিক দিকনির্দেশনা ও সহমর্মিতা টিনএজারদের ভুল পথে যাওয়া থেকে রক্ষা করতে পারে।”
সভায় সভাপতিত্ব করেন দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন।
তিনি উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে বলেন, “আমরা চাই আমাদের আগামী প্রজন্ম যেনো নৈতিকভাবে দৃঢ় ও মানবিক হয়ে গড়ে ওঠে। এজন্য সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দালিফ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সামুন সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন পায়েল, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি ফারুক, কার্যনির্বাহী সদস্য অফসরা জলি, সদস্য ফিরোজ খন্দকারসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অর্ধশতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, বয়ঃসন্ধিকাল হলো জীবনের সংবেদনশীল সময়। এই সময়ের ভুল বোঝাবুঝি, মাদকাসক্তি বা নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, বিদ্যালয় ও সমাজের যৌথ উদ্যোগ প্রয়োজন।
উল্লেখ্য, দালিফ ফাউন্ডেশন (ঠিকানা: ৪০২, গোপালপুর বকুল লেন, পাবনা) শুধুমাত্র সচেতনতামূলক সভা-সেমিনারেই সীমাবদ্ধ নয়; বরং তারা বছরের বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
প্রতিবছর রমজান মাসের আগে শতাধিক অসহায় পরিবারের মাঝে চাউল, আটা, তেল, নুনসহ সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি। গরমের সময় পাবনা শহরের রায় বাহাদুর গেইট এলাকায় পথচারীদের জন্য সরবত, চিড়ে, গুড় ও ঠান্ডা পানি বিতরণ, সদর উপজেলার শহর-গ্রামসহ বিভিন্ন খানে বৃক্ষ রোপণ, রমজান মাসে সাংস্কৃতিক চত্বরে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার খাওয়ানো এবং ঈদের দিন ফাউন্ডেশনের সভাপতি ও সদস্যরা নিজেদের খাবার গরিব-অসহায় মানুষের মাঝে ভাগ করে নেওয়ার মতো অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে।
মানবকল্যাণে নিবেদিত দালিফ ফাউন্ডেশনের এসব কার্যক্রম ইতোমধ্যেই পাবনাজুড়ে প্রশংসিত হয়েছে।
