সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব সাঁথিয়ায় পরীক্ষা ছাড়াই যত্রতত্র পশু জবাই

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোড়ে হাটবারসহ শুক্রবার বা বিশেষ দিনে কোন প্রকার পরীক্ষা ছাড়াই যত্রতত্র চলছে গরু মহিষ জবাই। রোগাক্রান্ত পশুও হয়ে যায় তরতাজা টাটকা মাংস।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সাঁথিয়া উপজেলার বিখ্যাত আতাইকুলা হাট, সাঁথিয়া হাট, মিয়াপুর- রসুলপুর- বনগ্রাম হাট, কাশিনাথপুর হাট, করমজা হাট, ধুলাউড়ি হাটসহ বিভিন্ন বাজারে হাটের দিন ও ভোরবেলা গরু, মহিষ জবাই করেন কসাইরা। নিয়মানুযায়ী রেজিষ্ট্রেশন ভুক্ত কসাই যে পশুটি জবাই করবে তাহা স্থানীয় পশু চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে লিখিত দিবেন। সে পশুটি জবাই খানায় নিয়ে জবাই করে বিক্রি করবে। উপজেলার হাটবাজার ও ভোরবেলায় বিভিন্ন বাজারে বিক্রিত মাংস ব্যবসায়ীরা যে গরু- মহিষ জবাই করে তাতে নিয়মনীতির কোন তোয়াক্কা করে না। ভোরবেলায় বিক্রি করা মাংস তারা কোথা থেকে জবাই করছে বা ওই পশু রোগাক্রান্ত কি না তাহা কেউ বলতে পারে না। তারা এভাবে দীর্ঘদিন ব্যবসা করলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নিরব। স্থানীয় সচেতন মহলের অভিমত আমরা ভাল কি মন্দ, রোগাক্রান্ত বা মরা কি খাচ্ছি তা দেখার কেউ নাই।
সাঁথিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম বলেন, সাঁথিয়ায় পৌর সভায় পশু জবেহ করবার নির্দিষ্ট জায়গা আছ। অন্য স্থানে তেমন ভাবে নাই, করার চেষ্টা চলছে। আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সকল সেচ্ছাসেবীরা রয়েছে তারা পশু দেখাশুনা করে। কোন এলাকা থেকে অভিযোগ এলে আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।