চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবক আটক

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র‍্যাবের একটি আভিযানিক দল শনিবার (৫ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী রাস্তার পাশে আশরাফুলের বাড়ির পেছন থেকে রিপন মণ্ডল (২৬) নামের এক ব্যক্তিকে রিভলবার সহ আটক করা হয়।

তিনি ওই এলাকার আদম মণ্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়। র‍্যাব আরো জানায়, আটক রিপন মণ্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দ আগ্নেয়াস্ত্র ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।