নাটোর প্রতিনিধি
নাটোরে ভাস্কর বাগচী (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের লালবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একই এলাকার চান্দু বাগচীর ছেলে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, স্বজনদের বাড়ি থেকে ফিরে রাতে পরিবারের লোকজন ভাস্কর বাগচীকে বাড়ির সিঁড়ির রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর বাগচীকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত ভাস্কর বাগচী নাটোর জজ কোর্টের আইনজীবী ও
সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি খুবই হাসিখুশি ও সাংস্কৃতিমনা মানুষ ছিলেন। তার মৃত্যুতে নাটোরের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
