গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ না করে মাত্র দু’জন সাংবাদিককে আমন্ত্রণ করে চাটমোহর পৌরসভার বাজেট ঘোষনা!

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
কয়েক বছর পর চাটমোহর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হলো আনুষ্ঠানিকভাবে। অর্থ বছরের প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৌরভার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়িদের ও সুশীল সমাজের মানুষকে আমন্ত্রণ না করে মাত্র দু’জন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে দুপুর ২টার দিকে পৌর ভবনে এই বাজেট পেশ করা হয়। যদিও বাজেট ঘোষনার সময় ছিল দুপুর ১২টা। একাধিক সূত্র জানায়, বাজেট অধিবেশনে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদককে আমন্ত্রণ জানান পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
ইতোপূর্বে কোন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনাকালে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হতো। বিগত কয়েকবছর ফ্যাসিস্ট সকারের শাসন আমলে পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ নিজেরাই বাজেট পেশ করে তা অনুমোদন করতেন। কোন ব্যক্তি তা জানতে পারতো না। এবার পৌরসভার পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও মাত্র দু’জন সাংবাদিকের উপস্থিতিতে বাজেট পেশ করা হয় বলে একাধিক সূত্র জানায়।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল জানান, প্রেসক্লাবের সকল সাংবাদিককে আমন্ত্রণ না করায় এই বাজেট ঘোষনা অনুষ্ঠান বর্জন করেছি আমি। অন্য দু’জন সাংবাদিক উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে কোন পৌর নাগরিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি।
এ ব্যাপারে চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান রাফিউল বারী জানান, এটা অফিস প্রধানের সিদ্ধান্ত। উনি যেভাবে বলবেন, আমরা সেভাবেই কাজ করবো। সেভাবেই আমন্ত্রণও জানানো হয়।
চাটমোহর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিফ করেন নাই।