কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ২২০ বস্তা চাল উদ্ধার

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলের কালিহাতীর পৌজান বাজার থেকে ১২৬ বস্তা ও বিলপর্নী বাজার থেকে ৯৪ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির মোট ২২০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব চাল উদ্ধার করেন কালিহাতীর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিছুর রহমান খান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনিছুর রহমান খান বলেন, ‘পৌজান বাজার ও বিলপর্নী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত চাল বিক্রি করে দেন। সেই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে কিনে বাজারের দুটি ঘরে মজুদ করেছিলেন পাইকড়া ইউনিয়নের মুনোটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু ১২৬ বস্তা ও বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামের মোহাম্মদ আলী ৯৪ বস্তা চাল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌজান বাজারের ঘর থেকে ১২৬ বস্তা ও বিলপর্নী বাজার ঘর থেকে ৯৪ বস্তা চাল উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, অভিযুক্ত শাহাবুদ্দিন শাহু ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।