আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই ঘটনা ক্রমেই বাড়ছে। প্রায় রাতে কোন না কোন এলাকায় ঘটছে এসব চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। চুরি ছিনতাই ঘটনা বেড়ে যাওয়ায় পৌরবাসির মধ্যে আতংক বিরাজ করছে।
প্রাপ্ত তথ্যমতে. সম্প্রতি সান্তাহার পৌরসভা এলাকার নামা পোওতা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার বাসার বেলকনি গ্রীলকেটে দুবৃর্ত্তরা বাসায় ঢুকে প্রায় ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার ১৭ জুলাই দিবাগত রাতে সান্তাহার পৌরসভা এলাকার উপহার টওয়ারের সামনে ন্যাটো ফার্মেসিতে চুরি, পরদিন শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরে চুরির ঘটনা এবং স্টেশন রোড এলাকায় লেবু মিয়া নামে এক বাদাম বিক্রেতা ২৫ শত টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া কলাবাগান এলাকায়সহ কয়েকটি এলাকায় প্রায় রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দদের অভিযোগ। প্রায় রাতে এসব চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় পৌরবাসিদের মাঝে আতংক বিরাজ করছে। সান্তাহার ফাঁড়ি পুলিশ চুরি ও ছিনতাই রোধ করতে বিশেষ তৎপরতা চালাচ্ছে বলে জানায়।
