মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের কৃতী সন্তান আবুল হাসনাত তুহিন-এর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে গড়ে তুলেছেন এক অসুকরণীয় সাফল্যের গল্প। ছোট বেলাতেই তুহিন পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন। এরপর দেশের সুপরিচিত ফুলতলী মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের স্বপ্ন নিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি ইউনিভার্সিটি অব গ্রিনিচ থেকে ফাইন্যান্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তুহিনের বাবা লুৎফুর রহমান শামীম একজন সমাজ সেবক ও সমাজসচেতন ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। বাবার অনুপ্রেরণাও তার শিক্ষাজীবনে বড় ভূমিকা রেখেছে। কয়েক বছর আগে তুহিন ঢাকায় ছাত্র অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক সংগঠনে অংশগ্রহণ করেন, যার লক্ষ্য ছিল বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করা। বর্তমানে আবুল হাসনাত তুহিন যুক্তরাজ্যে পেশাদার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছেন। একইসঙ্গে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর আত্মবিশ্বাসই তার এই পথচলার মূল শক্তি ছিল। এ বিষয়ে জানতে চাইলে আবুল হাসনাত তুহিন জানান- “হিফজ ও আলিম” শেষ করার পর ব্রিটেনে এসে “ফাইন্যান্স” পড়াটা খুব সহজ ছিল না। তবে পরিশ্রম, আর আল্লাহর উপর ভরসা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি তরুণ প্রজন্মের প্রতি তার পরামর্শ দিয়ে বলেন- গ্রাম বা শহর কোথা থেকে এসেছি সেটা বড় কথা নয়। নিজের চেষ্টা আর ধৈর্য থাকলে বিশ্বমঞ্চেও সফল হওয়া যায়। সফল হতে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তুহিন ভবিষ্যতে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করে বলেন, “আমি চাই, প্রবাসে যে অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করেছি, তা দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে। বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডেন্স ও বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। গ্র্যাজুয়েশন প্রাপ্ত তরুন আবুল হাসনাত তুহিন-এর সংক্ষিপ্ত পরিচিতি: মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান এলাকার সমাজসেবক লুৎফুর রহমান শামীম এর পুত্র। ধর্মীয় শিক্ষা: হিফজ ও আলিম (ফুলতলী মাদ্রাসা)। আধুনিক শিক্ষা: ইউনিভার্সিটি অব গ্রিনিচ, যুক্তরাজ্য ফাইন্যান্স। বর্তমান পেশা: পেশাদার অ্যাকাউন্ট্যান্ট, যুক্তরাজ্য। অভিযাত্রা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার প্রস্তুতিপর্ব।
