দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সবশেষ ২০২২ সালে খেলেছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুম পর আবারও এই টুর্নামেন্টে দেখা যাবে এই টাইগার অলরাউন্ডারকে। নিলাম থেকে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে ভিড়িয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এর আগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোজ ট্রাইডেন্টস (বর্তমানে বার্বাডোজ রয়্যালস) ও জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন সাকিব।

সিপিএলে এখন পর্যন্ত পাঁচ মৌসুম অংশ নিয়েছেন ৩৮ বছর বয়সী সাকিব। বার্বাডজের হয়ে খেলেছেন ২০১৩ ও ২০১৯ সালে। জ্যামাইকার হয়ে মাঠ নেমেছেন ২০১৬ ও ২০১৭ সালে। গায়ানার প্রতিনিধিত্ব করেছেন সবশেষ ২০২২ সালে। তিনি দুবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন, ২০১৬ সালে জ্যামাইকা ও ২০১৯ সালে বার্বাডোজের হয়ে।

এখন পর্যন্ত সিপিএলে ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৬.৫৯ গড় ও ১০৯.৫৩ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। ফিফটি করেছেন দুটি। বল হাতে ২০.০২ গড় ও ৬.৮২ স্ট্রাইক রেটে শিকার করেছেন ৩৭ উইকেট। ৫ উইকেট পেয়েছেন একবার।

সিপিএলের ইতিহাসে সেরা বোলিং নৈপুণ্যের রেকর্ড সাকিবের দখলে। ২০১৩ সালের আসরে বার্বাডোজের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের (বর্তমানে ত্রিনবাগো নাইট রাইডার্স) বিপক্ষে ৪ ওভারে একটি মেডেনসহ ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।